হংকং–চায়নার উত্তরাঞ্চলীয় একটি বৃহৎ হাউজিং কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দীর্ঘ ১৬ ঘণ্টা পরও আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। আটটি ভবনের মধ্যে মাত্র চারটিতে আগুন নিয়ন্ত্রণে এসেছে। ইতোমধ্যে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪ জনে, এবং এখনো কমপক্ষে ২৭৯ জনের কোনো খোঁজ পাওয়া যায়নি।

দেশটির গত ৮০ বছরের ইতিহাসে এটিই সবচেয়ে বড় ও ভয়াবহ অগ্নিকাণ্ড বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আগুন নেভাতে ৭০০–এর বেশি ফায়ার সার্ভিস কর্মী কাজ করলেও লেলিহান শিখা নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হচ্ছে। দায়িত্বে অবহেলার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। তবে আগুন লাগার কারণ এখনো নিশ্চিত করে বলতে পারেনি কেউ।

এর আগে স্থানীয় সময় বিকেল ৩টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। নেভানোর চেষ্টা করতে গিয়ে একজন ফায়ার ফাইটার প্রাণ হারিয়েছেন।

৮টি ব্লকে প্রায় ২ হাজার অ্যাপার্টমেন্টবিশিষ্ট এই হাউজিং কমপ্লেক্সে বয়স্ক মানুষের বসবাসই বেশি। সর্বশেষ আদমশুমারি অনুযায়ী এখানে প্রায় ৪ হাজার ৬০০ বাসিন্দা থাকলেও সংস্কার কাজ চলায় ঘটনার সময় কতজন উপস্থিত ছিলেন তা নিশ্চিত নয়। অগ্নিকাণ্ডকে লেভেল ফাইভ ক্যাটাগরিতে শ্রেণিভুক্ত করা হয়েছে—যা ভয়াবহতার সর্বোচ্চ স্তর।

আগুনে আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। নিখোঁজদের উদ্ধারে তৎপর ফায়ার সার্ভিস। ভবনের চারপাশে নির্মাণ শ্রমিকদের তৈরি বাঁশের মাচার কারণে আগুন দ্রুত ছড়িয়ে ভয়াবহ রূপ নেয় বলে ধারণা করা হচ্ছে। ইতোমধ্যে আশপাশের ভবনের বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। খোলা হয়েছে অস্থায়ী আশ্রয়কেন্দ্র ও হেল্প ডেস্ক।

অগ্নিকাণ্ডে গভীর শোক প্রকাশ করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংসহ বিশ্বনেতারা।

Share.