রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ আগুনে রাতভর লড়াই শেষে ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়েছে বিপর্যয়ের দৃশ্য। সারারাত আগুনের সঙ্গে লড়াই করে প্রাণে বেঁচে যাওয়া মানুষগুলো সকালে ফিরে দেখেছেন—তাদের ঘরবাড়ি, সঞ্চয়, আসবাবপত্র—সবকিছুই ছাই হয়ে গেছে।

ফায়ার সার্ভিস জানায়, মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৫টার দিকে কড়াইল বস্তিতে আগুন লাগে এবং মুহূর্তেই চারদিকে ছড়িয়ে পড়ে। টানা চেষ্টা চালিয়ে রাত ১০টা ৩৫ মিনিটে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে আগুনের ভয়াবহতায় বস্তির শতাধিক ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।

রাতের অগ্নিকাণ্ডে ঘরবাড়ি হারিয়ে খোলা আকাশের নিচে দিন কাটাতে বাধ্য হয়েছেন ক্ষতিগ্রস্ত মানুষজন। শিশু, বৃদ্ধ, নারী—সবাই এখন আশ্রয়হীন। অনেকে ধ্বংসস্তূপ ঘেঁটে খুঁজে বের করার চেষ্টা করছেন—যা কিছু সামান্য অবশিষ্ট আছে, কিন্তু অধিকাংশের ক্ষেত্রেই ফিরে পেয়েছেন শুধু ধোঁয়া ওঠা ছাই।

ক্ষতিগ্রস্তদের অভিযোগ, পাওয়া সহায়তা প্রয়োজনের তুলনায় খুবই কম। খাবার, পোশাক, আশ্রয়—সব ক্ষেত্রেই তীব্র সংকটে তারা। সামনে কীভাবে দিন চলবে, কোথায় থাকবে, কীভাবে পুনরায় ঘর তৈরি করবে—এ নিয়ে চরম অনিশ্চয়তায় রয়েছেন সবাই।

ফায়ার সার্ভিস আগুন লাগার কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে। তবে এখনো কারণ প্রাথমিকভাবে নির্ণয় করা সম্ভব হয়নি। কড়াইল বস্তির আগুন শুধু ঘরবাড়ি নয়, হাজারো মানুষের স্বপ্নকেও পুড়িয়ে দিয়েছে—এখন তারা অপেক্ষায় রয়েছে প্রয়োজনীয় সহযোগিতা ও পুনর্বাসনের।

Share.