অস্ট্রেলিয়ার সিনেট ডানপন্থী সিনেটর পলিন হ্যানসনকে সাত কার্যদিবসের জন্য বরখাস্ত করেছে। মঙ্গলবার এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে হ্যানসন বোরকা পরে পার্লামেন্ট অধিবেশনে উপস্থিত হলে ব্যাপক সমালোচনার মুখে পড়েন। তাকে বোরকা খুলতে বলা হলেও তিনি অস্বীকৃতি জানান, ফলে কিছু সময়ের জন্য অধিবেশন স্থগিত রাখতে হয়।

হ্যানসন ওইদিন জনসমক্ষে বোরকা নিষিদ্ধ করার প্রস্তাবিত একটি বিল উত্থাপন করতে চেয়েছিলেন। বহুদিন ধরেই তিনি এ বিষয়ে প্রচারণা চালিয়ে আসছেন। তবে সিনেট বিলটি বাতিল করলে প্রতিবাদ জানাতেই তিনি বোরকা পরে সংসদে হাজির হন। এ ঘটনাকে ধর্মবিশ্বাসের প্রতি অবমাননা বলে তীব্র সমালোচনা করেন অন্য আইন প্রণেতারা। মুসলিম সিনেটররা হ্যানসনের বিরুদ্ধে বর্ণবাদী আচরণের অভিযোগ তোলেন।

মধ্য-বাম লেবার সরকারের পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং বলেন, “সিনেটর হ্যানসনের এই কর্মকাণ্ড সমাজের ওপর আঘাত এবং অস্ট্রেলিয়াকে দুর্বল করে দেয়।” তিনি আরও জানান, প্রায় ১০ লাখ মুসলিম অস্ট্রেলিয়ান যে ধর্মবিশ্বাস পালন করেন, সেটির প্রতি অবমাননা করেছেন হ্যানসন।

হ্যানসনের বিরুদ্ধে নিন্দা জানাতে প্রস্তাবটি সিনেটে ৫৫-৫ ভোটে পাস হয়। ওয়ান নেশন পার্টির এই নেত্রী বলেন, বোরকা সম্পর্কে নিজের অবস্থান থেকে তিনি সরছেন না এবং সংসদের কোনো পোশাকবিধি নেই।

১৯৯০-এর দশক থেকে অভিবাসনবিরোধী ও ইসলামবিরোধী অবস্থানের কারণে পরিচিত কুইন্সল্যান্ডের এই সিনেটর এর আগেও, ২০১৭ সালে, বোরকা পরে সংসদে উপস্থিত হয়েছিলেন। সাম্প্রতিক নির্বাচনে ওয়ান নেশন সিনেটে চারটি আসন পেয়েছে এবং জরিপে হ্যানসনের প্রতি সমর্থনও বেড়েছে।

সূত্র: রয়টার্স

Share.