আফগানিস্তানের খোস্তসহ কয়েকটি প্রদেশে পাকিস্তানি বাহিনীর বিমান হামলায় এক নারীসহ অন্তত ৯ শিশু নিহত হয়েছে। তালেবান প্রশাসন এ তথ্য নিশ্চিত করেছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) তালেবান সরকারের মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ জানান, সোমবার গভীর রাতে খোস্ত প্রদেশের গরবুজ জেলায় এই হামলা চালানো হয়।

সামাজিক মাধ্যম এক্স-এ দেয়া এক পোস্টে তিনি লিখেছেন, স্থানীয় বাসিন্দা ওয়ালিয়াত খানের বাড়িতে বোমা হামলা চালানো হয়। এতে পাঁচ ছেলে ও চার মেয়ে শিশুসহ মোট ১০ জন মারা গেছে। হামলায় বাড়িটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।

তালেবান মুখপাত্র আরও জানান, উত্তর-পূর্ব কুনার ও পূর্ব পাকতিকা প্রদেশেও পাকিস্তানি বাহিনী বিমান হামলা চালিয়েছে। এসব হামলায় অন্তত চারজন সাধারণ নাগরিক আহত হয়েছেন।

আফগানিস্তানে বেসামরিক মানুষের ওপর এ ধরনের হামলার নিন্দা জানিয়েছে তালেবান প্রশাসন।

Share.