রাজধানীতে ককটেল নিক্ষেপ ও যানবাহনে আগুন দেওয়ার মতো সহিংস কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ সাজ্জাত আলী। তিনি বলেন, “যারা ককটেল এবং বাসে আগুন দেওয়ার চেষ্টা করবে তাদের গুলি করার নির্দেশ পুলিশ আইনেই বলা আছে।”

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে ডিএমপির সাইবার সাপোর্ট সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান। নতুন সাপোর্ট সেন্টারটি ২৪ ঘণ্টা নাগরিকদের সাইবার অপরাধ সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও সমাধানে কাজ করবে বলেও জানান তিনি।

পল্লবী থানার সামনে ককটেল বিস্ফোরণের সাম্প্রতিক ঘটনাকে উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, বুধবার রাত সাড়ে ৮টার দিকে তিনটি ককটেল বিস্ফোরণে এএসআই নুর ইসলামসহ তিনজন আহত হয়েছেন। এ ধরনের হামলা পুলিশের মনোবল ভেঙে দেয় উল্লেখ করে তিনি বলেন, “পুলিশের সঙ্গে বাজে ব্যবহার করবেন না, তাদের আঘাত করবেন না।”

তিনি আরও বলেন, পুলিশ যদি দায়িত্ব পালন না করে তবে নাগরিকদের আবারও নিজের বাড়ির নিরাপত্তায় লাঠি হাতে পাহারা দিতে হতে পারে—যেমনটা হয়েছিল গত ৫ আগস্টের পরে।

ডিএমপি কমিশনারের বক্তব্যে সহিংসতা দমনে কঠোর অবস্থানের পাশাপাশি সাইবার নিরাপত্তায় নতুন উদ্যোগের প্রতিফলন উঠে আসে।

Share.