মাগুরার মহম্মদপুর উপজেলায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় দুর্বৃত্তরা আগুন দিয়েছে। মঙ্গলবার রাত সাড়ে তিনটার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

মহম্মদপুর উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার বিল্লাল মৃধা জানান, দুর্বৃত্তদের দেওয়া আগুনে ব্যাংকের ভেতরে থাকা প্রয়োজনীয় কাগজপত্র ও আসবাবপত্র পুড়ে যায়।

গ্রামীণ ব্যাংক মহম্মদপুর শাখার ম্যানেজার সোহানা সুলতানা বলেন, গভীর রাতে কে বা কারা জানালার মাধ্যমে পেট্রল ঢেলে অফিসে আগুন দেয়। এতে অফিসে থাকা কিছু কাগজপত্র ও আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট প্রশাসনকে জানানো হয়েছে, এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান জানান, আগুনের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সাথে আগুন নিয়ন্ত্রণে সহায়তা করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Share.