ঢাকা, মুন্সিগঞ্জ, টাঙ্গাইল ও গোপালগঞ্জে গতকাল বুধবার রাত থেকে আজ বৃহস্পতিবার ভোর পর্যন্ত পাঁচটি যানবাহনে আগুন দেওয়া হয়েছে। তবে এসব ঘটনায় কেউ হতাহত হননি।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের কর্মকর্তা রোজিনা আক্তার বৃহস্পতিবার সকালে জানান, রাতভর বিভিন্ন স্থানে অগ্নিসংযোগের ঘটনাগুলোতে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট কাজ করেছে।
তথ্য অনুযায়ী, দিবাগত রাত সোয়া ১২টার দিকে রাজধানীর মিরপুর ১২ নম্বর ডিওএইচএসের সামনে থেমে থাকা একটি বাসে আগুন দেওয়া হয়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও এর আগেই বাসটি সম্পূর্ণ পুড়ে যায়।
রাত পৌনে তিনটার দিকে কমলাপুর রেলস্টেশনের সামনে একটি হিউম্যান হলার বা লেগুনায় আগুন দেওয়া হয়। রাত আড়াইটার দিকে টাঙ্গাইলের রাওয়াইলে থেমে থাকা আরেকটি বাসে আগুন লাগানো হয়। দুই ক্ষেত্রেই ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়।
রাত সাড়ে তিনটার পর মুন্সিগঞ্জের গজারিয়ায় একটি পেপার মিলের সামনে দাঁড়ানো ট্রাকে আগুন দেওয়া হয়, এবং ভোর পৌনে পাঁচটার দিকে গোপালগঞ্জে গণপূর্ত কার্যালয়ের সামনে থেমে থাকা একটি পিকআপে আগুন দেওয়া হয়। শেষের ঘটনাটিতে ফায়ার সার্ভিসের সদস্যরা পৌঁছার আগেই পিকআপটি পুড়ে যায়।
ফায়ার সার্ভিস জানায়, সাম্প্রতিক সময়ে ঢাকা ও আশপাশের এলাকায় যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা বেড়েছে।
উল্লেখ্য, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অনলাইনে ঘোষিত ১৩ নভেম্বরের তথাকথিত ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরেই বিভিন্ন স্থানে বাস, ট্রাক ও পিকআপে আগুন দেওয়ার ঘটনা ঘটছে।
