চট্টগ্রাম: পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের পৈতৃক বাসভবনে অভিযান চালিয়ে সাতজনকে আটক করেছে পুলিশ।
বুধবার (১২ নভেম্বর) দুপুরের পর পাঁচলাইশ থানা পুলিশ নগরীর চশমা হিল এলাকার ওই বাড়িতে তল্লাশি অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, নওফেলের বাসভবনে ছাত্রলীগের একটি গ্রুপ জড়ো হয়েছে—এমন গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। তবে তল্লাশিতে ছাত্রলীগের কাউকে পাওয়া যায়নি, কিন্তু সাতজন যুবককে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে।
পাঁচলাইশ থানার ওসি মোহাম্মদ সোলায়মান জানান, “আটকদের যাচাই-বাছাই চলছে। যদি তাদের আওয়ামী লীগ বা ছাত্রলীগের সম্পৃক্ততা না থাকে কিংবা কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে সংশ্লিষ্ট না পাওয়া যায়, তাহলে ছেড়ে দেওয়া হবে।”
উল্লেখ্য, চলমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আওয়ামী লীগের পতনের দুই দিন আগে, ৩ আগস্ট সন্ধ্যায়, ওই বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এর প্রতিক্রিয়ায় নওফেলের অনুসারীরা বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী, ডা. শাহাদাত হোসেন ও এরশাদ উল্লাহর বাড়িতে আগুন দেয় বলে অভিযোগ রয়েছে।
পুলিশ জানায়, ঘটনার পর থেকে বাড়িটি ফাঁকা থাকার কথা ছিল। তবে অভিযানে সেখানে কিছু লোকের উপস্থিতি পাওয়া যায়, যাদের পরিচয় এখনো নিশ্চিত নয়।
