ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা থানার একটি গাড়িতে আজ বুধবার সকালে আগুন লাগে। ডিএমপির রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মাসুদ আলম জানান, মেরামতকারীর ভুলেই এ দুর্ঘটনা ঘটে।

বেলা ১১টার দিকে রমনা থানার সামনে গাড়িটিতে আগুন লাগে। ডিসি মাসুদ আলম বলেন, “গাড়িতে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল। পরে একজন মেরামতকারী এনে গাড়িটি ঠিক করা হচ্ছিল। এ সময় মেরামতকারীর অসাবধানতায় আগুন ধরে যায়।”

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের কর্মকর্তা রাফি আল ফারুক জানান, তাঁদের ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে আজ সকালে রাজধানীর উত্তরায়ও ‘যান্ত্রিক ত্রুটি’ থেকে একটি মাইক্রোবাসে আগুন লাগে বলে জানিয়েছে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ শাখা।

Share.