ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার গ্রামীণ ব্যাংক চান্দুরা শাখার অফিস ভবনে দুর্বৃত্তরা আগুন দিয়েছে।
মঙ্গলবার (১১ নভেম্বর) গভীর রাতে, আনুমানিক রাত ২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

অগ্নিসংযোগে অফিস ভবনের আসবাবপত্র, গুরুত্বপূর্ণ নথিপত্র ও প্রয়োজনীয় সামগ্রী সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়। এতে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন চান্দুরা শাখা ব্যবস্থাপক মো. ছলিম উদ্দিন

তিনি জানান, “প্রতিদিনের মতো অফিসের কাজ শেষে বাসায় ফিরে যাই। রাত আনুমানিক ২টার দিকে নাইটগার্ড খবর দেয় অফিসে আগুন লেগেছে। দ্রুত অফিসারদের নিয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি আগুন ভয়াবহভাবে জ্বলছে। আমরা পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনি।”

তিনি আরও বলেন, “আগুন নিভানোর পর দেখি অফিসের পিছনের জানালা ভাঙা, আর লাঠির মাথায় কাপড় বেঁধে পেট্রোল দিয়ে ভেতরে আগুন ধরানো হয়েছে।”

এই ঘটনায় ১২ নভেম্বর সকালে বিজয়নগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে নিশ্চিত করেন শাখা ব্যবস্থাপক।

বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম বলেন, “অগ্নিসংযোগের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। প্রাথমিক তদন্তে এটি নাশকতার ঘটনা বলে মনে হচ্ছে। বিষয়টি গভীরভাবে তদন্ত করা হচ্ছে, এবং দোষীদের গ্রেফতারে পুলিশ কাজ করছে।”

Share.