সাভারের আশুলিয়ায় সড়কের পাশে পার্কিং করা আলিফ পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
বুধবার (১২ নভেম্বর) ভোর ৫টার দিকে ডিইপিজেড-আশুলিয়া-আব্দুল্লাহপুর সড়কের সরকার মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ম্যানেজার প্রণব চৌধুরী জানান, খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে বাসটির ভেতর সম্পূর্ণ পুড়ে গেছে বলে তিনি জানান।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাননান বলেন, মোটরসাইকেলে আসা কয়েকজন দুর্বৃত্ত ওই বাসে আগুন দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও আটকের জন্য অভিযান চালানো হচ্ছে।
তিনি আরও জানান, গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় আশুলিয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
