বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশব্যাপী আওয়ামী লীগের হয়রানিমূলক মামলা তুলে নেওয়ার বিষয়ে তিনি কোনো বক্তব্য দেননি। মঙ্গলবার রাতে এক বিবৃতিতে তিনি জানান, তার ঠাকুরগাঁওয়ের এক সভায় দেওয়া বক্তব্যকে কিছু গণমাধ্যম ভুলভাবে উপস্থাপন করেছে।
তিনি বলেন, ‘আমরা প্রতিশোধের রাজনীতি করতে চাই না। আওয়ামী লীগের মতো হয়রানিমূলক মামলা করতে চাই না।’ ফখরুল আরও জানান, তিনি কেবল ওই ইউনিয়নের হয়রানিমূলক মামলার প্রসঙ্গে কথা বলেছেন, সারাদেশব্যাপী মামলা প্রত্যাহারের বিষয়ে নয়।
বিএনপি মহাসচিব জনগণ ও দলীয় নেতাকর্মীদের গণমাধ্যমে প্রকাশিত ভুল বক্তব্যে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান।
