বোয়ালখালী প্রতিনিধি
বোয়ালখালীতে ঘরের নিচে তৈরি করা সুড়ঙ্গে লুকিয়ে ছিলেন যুবলীগ নেতা মো. শওকত হোসেন খোকন ওরফে খোকন আহমেদ। কিন্তু শেষ রক্ষা হয়নি।
মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে অভিযানে খোকনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
গ্রেপ্তার খোকন উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ছনদণ্ডী গ্রামের ফারুকী পাড়ার মৃত আহমদ মিয়ার ছেলে। সে উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক।
জানা গেছে, ৫ আগস্টের পর দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দিয়ে দেয়াল লিখন, পোস্টারিং করে দলীয় কর্মসূচি পালন করে আসছিলো খোকন। পাশাপাশি গুজবও ছড়িয়ে যাচ্ছিল সমানতালে। কিন্তু তাকে ধরতে পুলিশ একাধিকবার অভিযান চালিয়েও ব্যর্থ হয়।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ লুৎফুর রহমান বলেন, সে অত্যন্ত দুর্ধর্ষ। কৌশলী ভূমিকা পালন করে পুলিশের চোখে ফাঁকি দিয়ে যাচ্ছিল। তার গতিবিধি নজরদারির মধ্যে দিয়ে অবশেষে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি।
তিনি জানান, মঙ্গলবার ফজরের নামাজ পরেই খোকনে বাড়ি এলাকায় অবস্থান করে পুলিশ। সে বাড়িতে প্রবেশ করার পরপরই অভিযান শুরু করা হয়। তবে ঘরে তাকে পাওয়া গেল না। পরে ঘরের টাইলসের নিচ দিয়ে করা একটি আন্ডারগ্রাউন্ডের সন্ধান মেলে। সেই আন্ডারগ্রাউন্ডের এক সুড়ঙ্গ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। খোকনে বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
