বিনোদন ডেস্ক
চট্টগ্রামের শিল্পী সন্দীপন দাশ। এর আগেও তিনি চট্টগ্রামের বিভিন্ন আঞ্চলিক গান গেয়েছেন। তার কণ্ঠে গাওয়া আঞ্চলিক গান দর্শক শ্রোতাদের মুখে মুখে ফেরে। এবার তিনি গাইলেন চট্টগ্রামের আরেকটি আঞ্চলিক ভাষার গান।
‘ক্যান গরি ঝর ফরের’ শিরোনাম গানটি প্রকাশ করেছে প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজ। গানের কথা লিখেছেন ও সুর করেছেন অধীর কুমার শীল। সঙ্গীতায়োজন করেছেন সব্যসাচী রনি।
গান প্রসঙ্গে সন্দীপন বলেন, আমি চট্টগ্রামের সন্তান। এই অঞ্চলের ভাষায় অন্য রকম মার্ধুযতা আছে। আর এই ভাষার গান আমাকে ভেতর থেকে টানে। এর আগেও আঞ্চলিক ভাষায় অনেক গান গেয়েছি। সেই ধারাবাহিকতায় এবারও চট্টগ্রামের ভাষায় নতুন গান নিয়ে এসেছি। গানটি রেকর্ডের পর জি সিরিজের খালিদ ভাই শুনেই পছন্দ করেন এবং প্রকাশের উদ্যোগ নেন। গানটি ইতিমধ্যে শ্রোতারা বেশ পছন্দ করেছেন। শ্রোতাদের নানা প্রতিক্রিয়া সত্যিই আমাকে অনুপ্রাণিত করেছে।
চট্টগ্রামের আঞ্চলিক গান বাংলার লোকসংগীতকে সমৃদ্ধ করেছে এবং এর মাধ্যমে এই অঞ্চলের সংস্কৃতি, ইতিহাস ও মানুষের জীবনধারা ফুটে ওঠে। এই অঞ্চলের নিজস্ব ভাষায় রচিত গান শ্রোতাদের কাছে বিশেষ জনপ্রিয়।
