সাম্প্রতিক যুক্তরাষ্ট্রের স্থানীয় নির্বাচনে মুসলিম ভোটাররা বিপুলভাবে ডেমোক্র্যাট প্রার্থীদের পক্ষে ভোট দিয়েছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির প্রতি ক্ষোভের মধ্যে অনুষ্ঠিত এ নির্বাচনে মুসলিমদের ভোটাধিকার প্রয়োগ ছিল উল্লেখযোগ্য।

সোমবার প্রকাশিত মার্কিন মুসলিম অধিকার সংগঠন কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস (CAIR)–এর এক্সিট পোলের তথ্য অনুযায়ী, নিউইয়র্কে নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি ৯৭ শতাংশ মুসলিম ভোট পেয়েছেন।

ভার্জিনিয়ায় মুসলিম আমেরিকান সিনেটর গাজালা হাশমি, যিনি লেফটেন্যান্ট গভর্নর পদে জয়ী হয়েছেন, পেয়েছেন ৯৫ শতাংশ মুসলিম ভোট

অন্যদিকে, অমুসলিম মধ্যপন্থী ডেমোক্র্যাট প্রার্থীরাও মুসলিম ভোটারদের কাছ থেকে ব্যাপক সমর্থন পেয়েছেন। ভার্জিনিয়ার অ্যাবিগেইল স্প্যানবার্গার এবং নিউ জার্সির মাইকি শেরিল, যারা গভর্নর নির্বাচনে বিজয়ী হয়েছেন, তাঁরা পেয়েছেন প্রায় ৮৫ শতাংশ মুসলিম ভোট

এছাড়া, ক্যালিফোর্নিয়ার প্রপোজিশন ৫০, যা ডেমোক্র্যাটদের অনুকূলে নতুন কংগ্রেশনাল মানচিত্র অনুমোদন করেছে, মুসলিম ভোটারদের ৯০ শতাংশ সমর্থন পেয়েছে বলে জরিপে উল্লেখ করা হয়েছে।

CAIR জানায়, সার্ভেতে ১,৬২৬ জন স্ব-পরিচিত মুসলিম ভোটারের সাক্ষাৎকার নেওয়া হয়, যা মুসলিমদের উচ্চ ভোট অংশগ্রহণের ইঙ্গিত দেয়।

সংস্থাটি এক বিবৃতিতে জানিয়েছে,

“এই ফলাফলগুলো প্রমাণ করে যে আমেরিকান মুসলিমরা এখন সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন, নিজেদের মত প্রকাশ করছেন এবং গণতন্ত্রের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।”

CAIR আরও বলেছে, চারটি রাজ্যে মুসলিম ভোটারদের নাগরিক অংশগ্রহণ ছিল “অভূতপূর্ব ও অনুপ্রেরণাদায়ক”।

Share.