হাটহাজারী প্রতিনিধি

হাটহাজারীর আব্বাসীয়ার পুল এলাকায় অভিযান চালিয়ে ১৯ বোতল বিদেশি মদসহ রেজাউল করিম (৩৫) নামের এক বাস চালককে আটক করেছে র‌্যাব-৭। রেজাউল করিম খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার বেলছড়ি এলাকার জসিম উদ্দিনের ছেলে।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, খাগড়াছড়ি থেকে যাত্রীবাহী বাসযোগে কিছু মাদক ব্যবসায়ী বিদেশি মদ নিয়ে চট্টগ্রামের দিকে আসার গোপন সংবাদের ভিত্তিতে রোববার (৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়।

তিনি আরও জানান, চেকপোস্টে পৌঁছালে একটি বাস র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় র‌্যাব সদস্যরা বাসের চালক রেজাউল করিমকে আটক করেন। পরে বাসের বাম পাশের বক্স থেকে লুকানো ১৯ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাকে হাটহাজারী থানায় হস্তান্তর করা হয়েছে।

Share.