স্টাফ রিপোর্টার:
রাজধানীর টিটিপাড়ায় নির্মিত ছয় লেনের রেলওয়ে আন্ডারপাস আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে। জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়ার পর সকাল থেকেই সেখানে শুরু হয়েছে যান চলাচল। ফলে ট্রেন আসা–যাওয়ার সময় রেলক্রসিংয়ে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকার দীর্ঘদিনের দুর্ভোগের অবসান হলো।
শনিবার (৮ নভেম্বর) সকালে আন্ডারপাসটির উদ্বোধন করেন প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা এবং জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ। এ সময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার আরেক বিশেষ সহকারী শেখ মইন উদ্দিন।
আন্ডারপাসটির নিচ দিয়ে ছয় লেনের মধ্যে চার লেনে চলবে যান্ত্রিক যানবাহন। ৫ মিটার উচ্চতার গাড়িও নির্বিঘ্নে চলাচল করতে পারবে। দুই পাশে রিকশা ও সাইকেলের জন্য আলাদা লেন রাখা হয়েছে, পাশাপাশি পথচারীদের জন্য ফুটপাতও নির্মাণ করা হয়েছে।
এখন থেকে রেলের ওপর দিয়ে ট্রেন চলবে আর নিচ দিয়ে চলবে অন্যান্য যানবাহন—দুই দিকের চলাচলই হবে বাধাহীন।
স্থানীয়রা জানান, আগে ট্রেন এলেই রেলক্রসিং বন্ধ থাকত, ফলে আধা কিলোমিটার পথ অতিক্রম করতে কখনো কখনো এক ঘণ্টা পর্যন্ত সময় লাগত। অনেকেই বিকল্প পথ হিসেবে খিলগাঁও বা গোলাপবাগ হয়ে ঘুরে যাতায়াত করতেন।
আন্ডারপাসটি চালু হওয়ায় এখন মতিঝিল, মুগদা, মান্ডা, মানিকনগর ও সবুজবাগ এলাকার সংযোগ সড়কে ট্রেনের সিগনালে আর ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকতে হবে না।
তবে স্থানীয়দের কেউ কেউ আন্ডারপাসটির সঠিক রক্ষণাবেক্ষণের বিষয়ে কর্তৃপক্ষকে সতর্ক থাকতে বলছেন।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আন্ডারপাসটির নিয়মিত রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা হবে। তবে কমলাপুরে মেট্রোরেল স্টেশনের নির্মাণকাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত এই আন্ডারপাসের পুরো সুফল পেতে কিছুটা সময় লাগবে।
