নতুন দিল্লি, ৫ নভেম্বর: কংগ্রেস নেতা রাহুল গান্ধী বুধবার হরিয়ানার বিধানসভা নির্বাচনে ব্যাপক নির্বাচনী জালিয়াতির অভিযোগ তুলেছেন। তিনি দাবি করেন, হরিয়ানার বিভিন্ন ভোটকেন্দ্রে এক ব্রাজিলীয় মডেলের ছবি ২২ বার ব্যবহার করা হয়েছে এবং প্রতিবারই ভিন্ন নাম দেওয়া হয়েছে।
রাহুল গান্ধী বলেন, “কে এই মহিলা? তার নাম কী? তিনি কোথা থেকে এসেছেন? অথচ তিনি হরিয়ানায় ১০টি ভিন্ন বুথে ২২ বার ভোট দেন এবং তার নামও অনেক: সীমা, সুইটি, সরস্বতী, রশ্মি, ভিলমা… কিন্তু দেখা যাচ্ছে, তিনি আসলে একজন ব্রাজিলীয় মডেল।”
তিনি আরও দাবি করেন, এই জালিয়াতি না হলে কংগ্রেস হরিয়ানা নির্বাচনে ‘একচেটিয়া জয়’ পেত। লোকসভার বিরোধীদলীয় নেতা অভিযোগ করেন, ভোটার তালিকায় এই মডেলের ছবির বারবার ব্যবহার আসলে ২০২৪ সালের হরিয়ানা বিধানসভা নির্বাচনের ফলাফল প্রভাবিত করার জন্য একটি ‘কেন্দ্রীয় ষড়যন্ত্রের’ অংশ ছিল।
রাহুল গান্ধী বুধবার এক সংবাদ সম্মেলনে এই ছবির প্রমাণ দেখানোর দাবি করেন এবং বলেন, এটি নির্বাচনে বড় ধরনের অসঙ্গতির প্রমাণ।
