বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহে দেশে ফিরছেন বলে জানিয়েছেন দলটির চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর। সময় সংবাদকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এ তথ্য নিশ্চিত করেন।
দলীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ ১৭ বছর প্রবাস জীবন শেষে ঢাকায় ফিরবেন তারেক রহমান। ফিরে তিনি থাকবেন মায়ের বাড়ির পাশের ১৯৬ নম্বর বাসায়। গুলশান এভিনিউর ওই বাড়িতে চলছে সংস্কার কাজ—বাইরে নতুন রং করা হয়েছে, ভেতরে করা হচ্ছে সাজসজ্জা। নিরাপত্তার অংশ হিসেবে সীমানা প্রাচীর ঘিরে দেওয়া হয়েছে কাঁটাতারের বেষ্টনি।
এদিকে তারেক রহমানের অফিস হিসেবেও সংস্কার করা হচ্ছে গুলশান-২ এর ৮৬ নম্বর রোডের বিএনপি চেয়ারপারসনের কার্যালয়টি। সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানা গেছে।
তারেক রহমান ঠিক কবে ফিরবেন—এমন প্রশ্নের জবাবে ফজলে এলাহী আকবর বলেন,
“ডিসেম্বরের প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার এক থেকে দুদিনের মধ্যে ঢাকায় ফিরবেন বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান।”
তিনি আরও বলেন, ভূ-রাজনৈতিক পরিস্থিতি ও নিরাপত্তা বিবেচনায় তারেক রহমানের জন্য সরকারের বিশেষ সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) নিরাপত্তা আশা করছে বিএনপি।
দেশে ফেরার আগে চলতি মাসেই ওমরাহ পালনের পরিকল্পনা থাকলেও বর্তমান পরিস্থিতিতে তা স্থগিত করা হয়েছে। নির্বাচনের পর ওমরাহ করবেন তারেক রহমান, জানান ফজলে এলাহী আকবর।
সম্প্রতি বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নিরাপত্তার জন্য দুটি বুলেটপ্রুফ গাড়ি কেনার অনুমোদন দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এছাড়া অস্ত্রের লাইসেন্সও শিগগিরই দেওয়া হবে বলে আশা প্রকাশ করেছেন নিরাপত্তা উপদেষ্টা।
উল্লেখ্য, ২০০৮ সালের সেপ্টেম্বর থেকে লন্ডনে বসবাস করছেন তারেক রহমান। এবার প্রায় ১৭ বছর পরই তিনি দেশে ফিরছেন।
