মহানগর ডেস্ক
রাজধানীর হাতিরঝিল এলাকায় চলন্ত অবস্থায় সিএনজিচালিত একটি অটোরিকশায় ভয়াবহ আগুন লেগে যায়। শুক্রবার (৭ নভেম্বর) বেলা সোয়া ১১টার দিকে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে তেজগাঁও ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সময়মতো লাফিয়ে পড়ায় অটোরিকশায় থাকা এক দম্পতি ও তাদের শিশুসন্তান অক্ষত অবস্থায় প্রাণে রক্ষা পান।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কন্ট্রোলরুমের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনায় কেউ হতাহত হননি।
অটোরিকশা চালক মাজহারুল ইসলাম জানান, তিনি সায়েদাবাদ থেকে যাত্রী নিয়ে আব্দুল্লাহপুরের দিকে যাচ্ছিলেন। হাতিরঝিল এলাকায় পৌঁছাতেই হঠাৎ একটি বিকট শব্দ শোনা যায় এবং মুহূর্তের মধ্যেই গাড়িতে আগুন ধরে যায়।
তিনি বলেন, “হঠাৎ শব্দ শুনেই দেখি গাড়িতে আগুন লেগেছে। দুই মিনিটের মধ্যেই পুরো সিএনজিতে আগুন ছড়িয়ে পড়ে। তখন সবাই লাফিয়ে পড়ে প্রাণে বাঁচি। গাড়িতে স্বামী-স্ত্রী ও তাদের এক সন্তান ছিল—তারা সামান্য আঘাত পেলেও বেঁচে গেছেন।”
ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, গ্যাসের লিকেজ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। আগুন লাগার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।
