গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বেড়ে ওঠা দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দেশের ৩০০ আসনেই প্রতিদ্বন্দ্বিতা করবে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।
মঙ্গলবার (৪ নভেম্বর) দল গঠন থেকে নিবন্ধন ও প্রতীক বরাদ্দসহ নির্বাচনী প্রস্তুতি বিষয়ে দেশবাসীকে অবহিত করতে দেওয়া এক ভিডিওবার্তায় তিনি এ ঘোষণা দেন।
নাহিদ ইসলাম বলেন, “আমরা নির্বাচনের পূর্ণ প্রস্তুতি নিচ্ছি। ইনশাআল্লাহ ‘শাপলা কলি’ প্রতীকে আমরা ৩০০ আসনে প্রার্থী দেবো। জাতীয় নাগরিক পার্টি আপনার-আমার সকলের দল। যারা নতুনভাবে রাজনীতি করতে চান, এই বাংলাদেশকে গড়তে চান, তারা আমাদের সঙ্গে যোগ দিন। আমরা প্রতিটি জেলায়, প্রতিটি আসনে নতুন, সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নেতৃত্ব উপহার দিতে চাই।”
তিনি জানান, নভেম্বরের মধ্যেই সংসদ নির্বাচনের প্রার্থী তালিকা চূড়ান্ত করা হবে। “আমরা অল্প সময়ে মানুষের কাছ থেকে যে সাড়া পেয়েছি, নির্বাচনে তার প্রতিফলন দেখা যাবে,” বলেন এনসিপি আহ্বায়ক।
ভিডিওবার্তায় তিনি নির্বাচন কমিশনের (ইসি) সমালোচনা করে বলেন, “এই নিবন্ধন লাভ করতে গিয়ে আমাদের অবর্ণনীয় কষ্ট করতে হয়েছে। আমরা ‘শাপলা’ প্রতীক চেয়েছিলাম, কিন্তু কমিশন দেয়নি। অবশেষে অনেক বাধা পেরিয়ে আমরা ‘শাপলা কলি’ প্রতীক পেয়েছি। যারা এই প্রক্রিয়ায় যুক্ত ছিলেন, সবাইকে ধন্যবাদ জানাই।”
নাহিদ ইসলাম আরও বলেন, “আমরা জুলাই সনদ ও গণহত্যার বিচারের দাবিতে সারা দেশে জুলাই পদযাত্রা করেছি। সেখানে মানুষ আমাদের স্বতঃস্ফূর্তভাবে সমর্থন দিয়েছে। আশা করি, জাতীয় নির্বাচনেও দেশবাসীর বিপুল সমর্থন পাবো।”
রাজনৈতিক মহলে এনসিপির এই ঘোষণা নতুন উত্তেজনা তৈরি করেছে। বিশ্লেষকদের মতে, নতুন প্রজন্ম ও পরিবর্তনের রাজনীতি নিয়ে মাঠে নামা এনসিপি আসন্ন নির্বাচনে তরুণ ভোটারদের বড় অংশকে আকৃষ্ট করতে পারে।
