তথাকথিত ঐক্যমত্য কমিশনের সনদ প্রত্যাখ্যান করেছে বিশ্ব ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ।
বৃহস্পতিবার এক বিবৃতিতে দলের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত বলেন, কতিপয় জনসনদবিহীন ব্যক্তির এসব ভিত্তিহীন তথাকথিত সনদ জনগণের সনদ নয়। এসব সনদের কোনো আইনগত বা সাংবিধানিক বৈধতা নেই।
ইমাম হায়াত বলেন, “কতিপয় অনির্বাচিত ব্যক্তির সনদ রাষ্ট্রের সনদ হতে পারে না। রাষ্ট্র ও জনগণের উপর কিছু চাপিয়ে দেওয়ার অধিকার কারো নেই। এহেন প্রচেষ্টা নব্য স্বৈরাচার ও নব্য ফ্যাসিবাদ হিসেবেই গণ্য হবে।”
তিনি আরও বলেন, “জুলাই সনদ কথাটিই একটি মিথ্যা ও প্রতারণা। কারণ জুলাই আন্দোলন কোনো সনদের ভিত্তিতে হয়নি। জঙ্গীবাদী সাম্প্রদায়িক স্বৈররাষ্ট্র প্রতিষ্ঠার জন্যও হয়নি। জুলাই আন্দোলনে জনগণ চেয়েছিলো কেবল গণতন্ত্র, জীবনের নিরাপত্তা, স্বাধীনতা ও অধিকার—যা বর্তমান অন্তর্বর্তীচক্র ধ্বংস করে আগের চেয়েও নিকৃষ্ট স্বৈরতন্ত্র, দস্যুতন্ত্র, জঙ্গীবাদ, মবসন্ত্রাস, মিথ্যা মামলা, আদালত জবরদখল, বৈষম্য, দলীয়করণ, খুন, রাষ্ট্রীয় সন্ত্রাস, বাকস্বাধীনতা হরণ, অন্যায় গ্রেফতার ও রাজনৈতিক নিপীড়ন চালাচ্ছে।”
ইমাম হায়াত হুঁশিয়ারি দিয়ে বলেন, “গণভোটের নামে প্রহসণের ভোট বা এসব চাপিয়ে দেওয়া তথাকথিত সনদ কোনোদিনই জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না।”
