নিজস্ব প্রতিবেদক

যান্ত্রিক ত্রুটির কারণে বুধবার (২৯ অক্টোবর) রাতে হঠাৎ করেই বন্ধ হয়েছিল রাজধানীর মেট্রোরেলের চলাচল। তবে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল থেকে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত রেল চলাচল স্বাভাবিক হয়েছে।

বুধবার রাতে ফার্মগেট এলাকায় বিয়ারিং প্যাড পড়ে যাওয়ার স্থানে সামান্য কম্পন অনুভূত হয়। এ কারণে রাত সোয়া ৯টার দিকে আগারগাঁও থেকে কারওয়ান বাজার পর্যন্ত মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। তবে মতিঝিল থেকে কারওয়ান বাজার এবং উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত অংশে পূর্ব নির্ধারিত সময়েই (রাত ১০টা ১০ মিনিট পর্যন্ত) ট্রেন চলাচল অব্যাহত ছিল।

এর আগে, গত ২৬ অক্টোবর ফার্মগেট স্টেশনের পশ্চিম পাশে পিলার ও উড়ালপথের সংযোগস্থলে থাকা একটি বিয়ারিং প্যাড খুলে নিচে পড়ে এক পথচারীর মৃত্যু হয়। ওই ঘটনার পর মেট্রোরেল চলাচল তাৎক্ষণিক বন্ধ করে দেওয়া হয়। পরে ধাপে ধাপে বিকেলে উত্তরা-আগারগাঁও এবং সন্ধ্যায় মতিঝিল-শাহবাগ অংশে ট্রেন চলাচল শুরু হয়।

বিয়ারিং প্যাড পুনঃস্থাপনের পর ২৭ অক্টোবর সকালে পুরো পথে মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়। তবে সতর্কতার অংশ হিসেবে ফার্মগেট এলাকায় তিন দিন ধরে ট্রেনের গতি কমিয়ে পরিচালনা করা হয়।

Share.