নিজস্ব প্রতিবেদক | ঢাকা | বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
জাতীয় নির্বাচন নিয়ে অনিশ্চয়তা দূর করতে দ্রুত গণভোটের তারিখ ঘোষণার দাবি জানিয়েছে আটটি রাজনৈতিক দল। তাদের মতে, সরকার যত দেরি করবে, ততই জাতীয় নির্বাচন পেছানোর আশঙ্কা তৈরি হবে।
বুধবার (২৯ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে এই দাবি জানায় দলগুলো।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, “ঐকমত্য কমিশনের সুপারিশের কারণে একটি ‘ক্রিটিক্যাল সিচুয়েশন’ তৈরি হয়েছে। এই অবস্থায় গণভোটের সিদ্ধান্ত এখন সরকারকেই নিতে হবে।”
তিনি আরও বলেন, “আমরা স্পষ্ট করে বলতে চাই— এখন সরকারের দায়িত্ব দ্রুত গণভোটের তারিখ ঘোষণা করা। সরকার যত দেরি করবে, জাতীয় নির্বাচন তত বিলম্বিত হওয়ার সম্ভাবনা বাড়বে। রাজনীতির আকাশে মেঘ জমেছে, এই মেঘ কাটাতে প্রধান উপদেষ্টাকেই উদ্যোগ নিতে হবে।”
সংবাদ সম্মেলনে আট দলের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব ইউনুছ আহমাদ। তিনি অভিযোগ করেন, “গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) কিছু ধারা পরিবর্তনের চেষ্টা করছে একটি দল। এ অপচেষ্টা রুখে দেওয়া হবে।”
ইউনুছ আহমাদ জানান, নভেম্বরে গণভোট এবং জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় নির্বাচন সম্পন্ন করার দাবিতে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) নির্বাচন কমিশনের (ইসি) কাছে স্মারকলিপি দেওয়া হবে। এছাড়া আগামী ৩ নভেম্বর সংবাদ সম্মেলন করে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।
সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ আট রাজনৈতিক দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
