গাজায় যুদ্ধবিরতি শর্ত ভঙ্গের অভিযোগ তুলে ফিলিস্তিনি ভূখণ্ডে অবিলম্বে “শক্তিশালী হামলা” চালানোর নির্দেশ দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বুধবার রাতে সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে দীর্ঘ বৈঠকের পর এ নির্দেশ দেন তিনি। খবর—বিবিসি।

ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয়ের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, নেতানিয়াহু অভিযোগ করেছেন, যুদ্ধবিরতি চুক্তির “স্পষ্ট লঙ্ঘন” করেছে হামাস। গোষ্ঠীটি জিম্মি ব্যক্তিদের মুক্তি বা তাদের মরদেহ ফেরত দেওয়ার শর্ত মানছে না।

অন্যদিকে হামাস এক বিবৃতিতে জানিয়েছে, গাজায় ভয়াবহ পদক্ষেপ নিতে ইসরাইল “মিথ্যার আশ্রয়” নিয়েছে। তারা দাবি করেছে, যুদ্ধবিরতি ভঙ্গের প্রকৃত দায় ইসরাইলেরই।

উল্লেখ্য, গত ১০ অক্টোবর হামাস ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। কিন্তু এর পরদিনই ইসরাইলি বাহিনী গাজায় হামলা চালায়, যা যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করে। সেই থেকে প্রায় প্রতিদিনই গাজায় হামলা অব্যাহত রয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ১০ অক্টোবর থেকে এখন পর্যন্ত ৯৩ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। হতাহতের সংখ্যা প্রতিদিনই বাড়ছে, পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে।

সূত্র: বিবিসি

Share.