নিজস্ব প্রতিবেদক
আল্লামা ইমাম হায়াত প্রবর্তিত মানবতার রাজনীতি ভিত্তিক দল ও দর্শন ‘ইনসানিয়াত বিপ্লব – Humanity Revolution’ এখন যুক্তরাজ্যে পূর্ণাঙ্গ রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছে।
রবিবার (২৬ অক্টোবর) বাংলাদেশে সংগঠনের গুলশান কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত এ ঘোষণা দেন।
তিনি বলেন, “আজ থেকে যুক্তরাজ্যে ইনসানিয়াত বিপ্লবের ইতিহাসে এক নতুন দিগন্তের সূচনা হলো। আলহামদুলিল্লাহ, ‘World Humanity Revolution, UK’ এখন যুক্তরাজ্যে অফিসিয়ালি রাজনৈতিক দল হিসেবে নিবন্ধিত।”
ইমাম হায়াত জানান, এই ঐতিহাসিক নিবন্ধনের ফলে ইনসানিয়াত বিপ্লব এখন ইংল্যান্ড, স্কটল্যান্ড ও ওয়েলসের সকল প্রকার নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে।
তিনি বলেন, “ইনসানিয়াত ও মানবতার বার্তা এখন থেকে ব্রিটিশ রাজনীতিতেও সরাসরি প্রভাব ফেলবে, ইনশাআল্লাহ।”
মানবতার রাজনীতি বিষয়ে আল্লামা ইমাম হায়াত বলেন, “‘ইনসানিয়াত বিপ্লব – Humanity Revolution’ শুধু একটি রাজনৈতিক দলের নাম নয়—এটি জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সকল মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার অঙ্গীকার। সত্য, ন্যায় ও ইনসাফের ভিত্তিতে মানবিক সমাজ, রাষ্ট্র ও বিশ্ব গঠনের প্রতিজ্ঞা।”
মানবসত্তা ও বস্তুবাদি জাতীয়তার পার্থক্য ব্যাখ্যা করে তিনি আরও বলেন, “ভাষাগত, গোত্রগত বা রাষ্ট্রগত জাতীয়তাবাদ সবই বস্তুবাদি চিন্তার শাখা, যা জীবনের সত্যের পরিপন্থী। মানুষকে বস্তুবাদের ঊর্ধ্বে উঠে মানবসত্তায় বিশ্বাসী হতে হবে।”
তিনি যোগ করেন, “বিশ্বজুড়ে সত্য ও ন্যায়ের প্রতিষ্ঠার জন্য অপশক্তির বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক হলো ‘World Humanity Revolution’। এর বাইরে জীবনের অধিকার ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব নয়।”
অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াতকে অভিনন্দন জানিয়ে বলেন, মানবসেবার মাধ্যমে ইনসাফপূর্ণ পৃথিবী গড়ার লক্ষ্যে তাঁদের যাত্রা অব্যাহত থাকবে।
তাঁরা এক কণ্ঠে বলেন, “ইনসানিয়াত বিপ্লব—মানবতার মুক্তি ও শান্তি প্রতিষ্ঠার একমাত্র পথ, সব মানুষ ভাই ভাই—মানবতার দুনিয়া চাই।”
জানা যায়, এর আগে ২০২২ সালে পর্তুগালে ‘World Humanity Revolution, Portugal’ নামে এবং ২০২৩ সালে ফ্রান্সে ‘World Humanity Revolution, France’ নামে সংগঠনটির নিবন্ধন হয়। একই বছর বাংলাদেশেও ‘ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ – Humanity Revolution, Bangladesh’ নামে দলটি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে।
