আন্তর্জাতিক ডেস্ক
ভারতের অন্ধ্রপ্রদেশের কুর্নুল জেলার চিন্না টেকুর গ্রামের কাছে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় যাত্রীবাহী একটি বাসে আগুন লেগে বহু মানুষের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অনেকে।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ভোররাতের দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এতে কমপক্ষে ২০ জনের মৃত্যু হয়েছে। তবে এনডিটিভি জানিয়েছে, মৃতের সংখ্যা ১০ জন হতে পারে। এখনো হতাহতের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি প্রশাসন।
রাজ্য মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সরকার সব ধরনের সহায়তা প্রদান করবে।
এনডিটিভি’র প্রতিবেদনে বলা হয়, হায়দরাবাদ থেকে ৪০ জন যাত্রী নিয়ে বাসটি মধ্যরাতে রওনা দিয়েছিল। জাতীয় সড়ক ৪৪ (এনএইচ-৪৪)-এর কুর্নুলের কাছে পৌঁছালে বাসটি একটি দুই চাকার যানের সঙ্গে ধাক্কা খায়।
পুলিশের প্রাথমিক ধারণা, দুর্ঘটনার পর দুই চাকার যানটি বাসের নিচে আটকে যাওয়ায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে।
স্থানীয় পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, ‘১৫ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগুন এখন নিয়ন্ত্রণে।’
তিনি আরও বলেন, ‘ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি (এফএসএল) টিম ঘটনাস্থলে পৌঁছেছে এবং আগুন লাগার প্রকৃত কারণ অনুসন্ধান করছে। যেহেতু এটি একটি এসি বাস ছিল, তাই জানালা ভাঙতে না পারা অনেক যাত্রীই বের হতে পারেননি। যারা জানালা ভেঙে বের হতে পেরেছেন, তারাই বেঁচে গেছেন।’
নিখোঁজ যাত্রীদের সন্ধান এবং নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
