আন্তর্জাতিক ডেস্ক
যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে গাজায় ইসরাইলি বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। এরমধ্যে রোববার (১৯ অক্টোবর) সবচেয়ে ভয়াবহ বিমান হামলায় অন্তত ৪৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
সোমবার (২০ অক্টোবর) গাজার সরকারি মিডিয়া অফিস জানায়, ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরাইল অন্তত ৮০ বার চুক্তি লঙ্ঘন করেছে। এ সময়ের হামলায় কমপক্ষে ৯৭ ফিলিস্তিনি প্রাণ হারান এবং ২৩০ জন আহত হন।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, যুদ্ধবিরতি ভঙ্গ করে সেনাদের ওপর হামলার অভিযোগ তুলে রোববার গাজায় একের পর এক বিমান হামলা চালায় ইসরাইলি বাহিনী। খান ইউনিস এলাকায় আকাশজুড়ে ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়ে। হাসপাতাল সূত্রে জানা যায়, নিহতদের বেশিরভাগই শিশু। আহতদের দ্রুত নাসের হাসপাতালে ভর্তি করা হয়।
প্রতিবেদনে আরও বলা হয়, গাজার নুসাইরাত, খান ইউনিস, রাফাহ ও আল-জাওয়াইদা এলাকায় হামলা চালানো হয়েছে। আল-জাওয়াইদা শহরে ইসরাইলি বিমান হামলায় হামাসের সশস্ত্র অভিজাত শাখা আল-কাসেম ব্রিগেডের এক কমান্ডারসহ কয়েকজন নিহত হয়েছেন বলে আল-আওদা হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়।
এদিকে, এ হামলার প্রতিক্রিয়ায় হামাসকে চরম মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ। তবে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করেছে হামাস।
